শৌভিক বাগ: বর্তমানে অনেক বাড়িতেই ছারপোকার উপদ্রবে জেরবার মানুষজন। সারাদিন ব্যস্ততার শেষে আরামের নিদ্রাটুকু উপভোগ করতে গিয়ে অনেকেই তাদের বিছানায় ছারপোকার অত্যধিক উপদ্রবে কাহিল হয়ে পড়েন। শান্তির নিদ্রাটুকু উপভোগ করা তাদের পক্ষে সম্ভবপর হয় না। তাই ছারপোকা দূর করতে হলে যদি কয়েকটা নিয়ম অবলম্বন করতে পারেন তাহলে অচিরেই ছারপোকার অত্যাচার থেকে মুক্তি পেতে পারেন আপনি। তাহলে আসুন একবার দেখে নিন কিভাবে দূর করতে পারবেন আপনার বিছানা থেকে এই ক্ষতিকারক এবং উপদ্রবকারী ছারপোকা।
১) প্রথমত আপনাকে নিজের ঘর খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। সপ্তাহে দুইদিন অন্তর অন্তর যদি বিছানার চাদর ভালোভাবে কেচে, পরিষ্কার করে রাখতে পারেন তাহলে ছারপোকার অত্যাচার থেকে মুক্তি পেতে পারবেন।
২) বর্ষার সময়টিতে যখন বাইরে কড়া রোদের উপস্থিতি থাকে না, তখন ড্রায়ার এর সাহায্যে আপনার বিছানার চাদর শুকিয়ে নিতে পারেন। এছাড়াও গরম ইস্ত্রি যদি বিছানার চাদরের উপর বুলিয়ে নিতে পারেন তাহলে অনেক ছারপোকা এতে মারা পড়বে।
৩) বিছানার চাদরটি কেচে নেওয়ার পর ডেটল মিশিয়ে সেটা ভালোভাবে ধুয়ে নিন। এর ফলে বিছানায় ছারপোকার উপস্থিতি ঘটবে না।
৪) মাঝেমধ্যে কড়া রোদের মধ্যে, আপনার বিছানার চাদর, বালিশ , তোশক ইত্যাদি রেখে দিন। প্রচন্ড রোদের তাপে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছারপোকা মারা পড়বে।
৫) ছারপোকার উপদ্রব যদি অত্যাধিক হয়ে থাকে তাহলে বাজারে গিয়ে ভালো পেস্টিসাইড কিনে নিন এবং তা আপনার ঘরে ব্যবহার করুন।
৬) এছাড়াও ছারপোকার উপদ্রব দূর করার জন্য ঘরের মধ্যেই একটি মিশ্রণ বানাতে পারেন। এর জন্য কিছু পরিমাণ জলের সাথে মিশিয়ে নিন কয়েকটি লবঙ্গ , কিছু নিমপাতা , এবং কিছু পুদিনা পাতা। এরপর এই মিশ্রণটি ভালোভাবে ফুটিয়ে নিন। তারপর মিশ্রণটিকে ঠান্ডা করে একটি স্প্রে বোতল এর মধ্যে ভরে দিন। তারপর ঘরের চারদিকে ওই মিশ্রণটি স্প্রে করতে থাকুন। যেসব স্থানে ছারপোকার উপদ্রব বেশি আছে সেই সব স্থানেই মিশ্রণটি বেশী করে স্প্রে করুন। এর ফলে অচিরেই ছারপোকার হাত থেকে অব্যাহতি পেতে পারবেন আপনি ।